, বঙ্গাব্দ
কক্সবাজার জেলা
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) টেকনাফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা।
অভিযানের বিস্তারিত তুলে ধরে বিজিবির অধিনায়ক বলেন, টেকনাফের হ্নীলা এলাকা থেকে ১০টি বস্তায় রাখা ৮ লাখ ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে মো. রমজান আলী ও মো. হোসাইন নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা বড়ি এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।