, বঙ্গাব্দ
বিনোদন
দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছোট পর্দায় ফিরছে হাস্যরসাত্মক রিয়ালিটি শো ‘মীরাক্কেল’। নতুন সিজন ‘মীরাক্কেল ১১’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এবারের সিজনে থাকছে বেশ কিছু পরিবর্তন।
নতুন নিয়ম অনুযায়ী, পাঁচ বছর বা তার বেশি বয়সী যে কেউ নিজের বলা কৌতুক ভিডিও করে পাঠিয়ে অডিশনে অংশ নিতে পারবেন। অডিশনের প্রোমো প্রকাশের পর থেকেই শোটির সম্প্রচারের দিনক্ষণ জানতে অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
জোকসের ভিডিও জমা পড়ার পর শুরু হবে বাছাইপর্ব। এরপর নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্বের লড়াই। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে নতুন সিজনের সম্প্রচার শুরু হতে পারে।
জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে যোগ্য প্রতিযোগী চূড়ান্ত হওয়ার ওপর। অন্যদিকে, এবারের সিজনে বিচারকের আসনে কারা থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
২০২১ সালে সর্বশেষ ‘মীরাক্কেল’-এর সম্প্রচার হয়েছিল। এরপর দীর্ঘ পাঁচ বছরের বিরতি। তাই নতুন সিজনের ঘোষণা দর্শকদের জন্য বেশ চমকপ্রদ।
সাম্প্রতিক সময়ে সেন্সরশিপ এবং ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন বিধিনিষেধের কারণে কৌতুকনির্ভর এই শো নির্মাণে সতর্ক থাকতে হবে আয়োজকদের।
এদিকে, নতুন ফরম্যাটে ‘মীরাক্কেল ১১’-এ মীর, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে প্রোমো প্রকাশের পর থেকেই পুরোনো বিচারক ও সঞ্চালক দলকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন দর্শকেরা।
উল্লেখ্য, মীরের সঞ্চালনায় শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায় বিচারকের দায়িত্ব পালন করতেন। তাঁদের উপস্থিতি ও প্রতিযোগীদের হাস্যরসাত্মক পরিবেশনা মিলিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল ‘মীরাক্কেল’।