, বঙ্গাব্দ

সকল বিভাগ

জাতীয়

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রয়াত খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

স্মরণসভা উপলক্ষে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের নানা অজানা অধ্যায়ও তুলে ধরা হবে।

‘নাগরিক সমাজের’ পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বে স্মারকগ্রন্থের জন্য মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিরা এ লেখায় অংশ নিতে পারবেন।

আগ্রহীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক ঘোষণা করে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়।

লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। ২০২৫ সালের ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় একটি সময় কেটেছে রাজপথের আন্দোলনে। রাজনৈতিক জীবনে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করলেও দেশ ছাড়েননি তিনি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো পরাজিত হননি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।