, বঙ্গাব্দ

সকল বিভাগ

সারা দেশ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৩৪ জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনায় ১৬০ জন, বরিশালে ১৪৭ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৭৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহে ৩৯ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।