, বঙ্গাব্দ
ধর্ম
পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তার ইন্তেকালে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.) এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের দাওয়াত ও তবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তার জন্ম রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে। ১৯২৯ সালে জন্মগ্রহণকারী এ আলেমের বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। তিনি পাকিস্তানে তবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে তার ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা। তারা মরহুমের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।