, বঙ্গাব্দ

সকল বিভাগ

ফিচার

ইনানীর এই সৌন্দর্য কি আপনার চোখে পড়েছে?

একদিকে পাহাড়ের সবুজ, অন্যদিকে বিস্তীর্ণ বালুচর। মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা, যা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে। ছড়ার বুকে সারি সারি নোঙর করা ছোট ছোট কাঠের নৌকা। দূরে দিগন্তজোড়া সমুদ্র, বালুচরে আছড়ে পড়া ঢেউ আর তীরঘেঁষা গাছপালা—সব মিলিয়ে যেন প্রকৃতির হাতে আঁকা এক নিভৃত ক্যানভাস।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী এলাকায় দেখা মেলে এমনই এক মনোমুগ্ধকর দৃশ্যের। পাহাড় থেকে নেমে আসা ছোট্ট একটি ছড়া এখানে এসে মিশেছে বঙ্গোপসাগরে। পাহাড়, ছড়া, বালুচর ও সমুদ্রের এমন মেলবন্ধন উপকূলের চিরচেনা সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। ব্যস্ত পর্যটনকেন্দ্রের কোলাহল থেকে কিছুটা দূরে থাকা এই স্থান যেন প্রকৃতির নিজস্ব এক শান্ত আশ্রয়।

ছড়ার শান্ত জলে নোঙর করে আছে মাছ ধরার ছোট ছোট নৌকা। কোনোটি তীরের কাছাকাছি, কোনোটি আবার কিছুটা দূরে। কালচে কাঠের তৈরি নৌকাগুলো উপকূলীয় জনপদের ঐতিহ্যবাহী জলযানের কথা মনে করিয়ে দেয়। নৌকাগুলোর উপস্থিতিতে জায়গাটির সৌন্দর্য আরও জীবন্ত হয়ে উঠেছে। মনে হয়, প্রকৃতির এই নিসর্গের সঙ্গে মানুষের জীবনযাত্রাও মিশে আছে নিবিড়ভাবে।

সকালের আলো কিংবা দুপুরের রোদে ছড়ার পানিতে তৈরি হয় আলোর বিচিত্র খেলা। কখনো জলরাশি নীলাভ, কখনো তাতে ভেসে ওঠে সবুজের আভা। বালুচরের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস আর পানির মৃদু ঢেউ তৈরি করে অন্য রকম এক আবহ। সমুদ্রের বিশাল জলরাশির পাশে ছড়াটির শান্ত প্রবাহ যেন প্রকৃতির দুই ভিন্ন রূপকে পাশাপাশি দাঁড় করিয়েছে। একদিকে সাগরের বিশালতা, অন্যদিকে ছড়ার স্নিগ্ধতা।

ইনানী বলতেই সাধারণত পর্যটকদের চোখে ভেসে ওঠে পাথুরে সৈকত, নীল সমুদ্র আর মেরিন ড্রাইভের দুপাশের পাহাড়ি সৌন্দর্য। তবে এই পরিচিত সৌন্দর্যের বাইরেও রয়েছে এমন কিছু নিভৃত প্রাকৃতিক দৃশ্য, যেগুলো অনেকেরই অজানা। পাহাড়ি জলধারাটি সাগরে মিশে যাওয়ার এই স্থান তেমনই একটি। এখানে সমুদ্রকে দেখা যায় একটু ভিন্নভাবে। শুধু ঢেউ আর সৈকত নয়, পাহাড় থেকে নেমে আসা জলধারার সঙ্গে সাগরের মিলনও হয়ে ওঠে দেখার মতো এক অভিজ্ঞতা।

এই ছড়ার সঙ্গে জড়িয়ে আছে উপকূলীয় মানুষের জীবনযাত্রার পরিচিত অনুষঙ্গও। নৌকা এখানে কেবল সৌন্দর্য বাড়ানোর উপকরণ নয়, মানুষের জীবিকা ও দৈনন্দিন চলাচলের অংশ। সাগরকেন্দ্রিক জনপদে নৌকা মানেই জীবিকার সংগ্রাম, মাছ ধরার