, বঙ্গাব্দ
ফিচার
১৯৬৭ সালের ৯ অক্টোবর। বলিভিয়ার প্রত্যন্ত এক গ্রামের ছোট্ট স্কুলঘরে মাত্র ৩৯ বছর বয়সে শেষ হয়ে যায় আর্জেন্টিনায় জন্ম নেওয়া এক বিপ্লবীর জীবন। তার মৃত্যুর পর কেটে গেছে কয়েক দশক, বদলে গেছে পৃথিবীর রাজনীতি, এমনটি পাল্টেছে বিপ্লবের ভাষাও। তবু এরনেস্তো ‘চে’ গুয়েভারার মুখচ্ছবি আজও বিশ্বজুড়ে প্রতিবাদ, বিদ্রোহ ও বিপ্লবী চেতনার অন্যতম পরিচিত প্রতীক।
চে গুয়েভারার ক্লান্তিহীন মেজাজ, মাথায় বেরেট আর অগোছালো চুলের ছবি আজও বিশ্বজুড়ে তরুণ বিপ্লবীদের প্রেরণা জুগিয়ে চলেছে। আন্দোলনের পোস্টারে কিংবা নতুন প্রজন্মের টি-শার্টে আলবের্তো কোর্দার তোলা সেই বিখ্যাত ছবিটি তাকে জীবিত করে রেখেছে।
কিন্তু পোস্টার ও টি-শার্টে ছাপা সেই মুখের আড়ালে ছিলেন একজন চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী, গেরিলা যোদ্ধা, মার্ক্সবাদী চিন্তক এবং বিতর্কিত বিপ্লবী। তার জীবন যেমন নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের আকাঙ্ক্ষায় গড়া, তেমনি রাজনৈতিক পদ্ধতি, সশস্ত্র সংগ্রাম ও কঠোর শাসনব্যবস্থার প্রতি সমর্থন নিয়ে রয়েছে গভীর বিতর্ক। চে গুয়েভারাকে বুঝতে হলে তাই তার কিংবদন্তির পাশাপাশি ইতিহাসের জটিল দিকগুলোও দেখতে হয়।
১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন এরনেস্তো গুয়েভারা দে লা সের্না। ছোটবেলা থেকেই হাঁপানির সমস্যায় ভুগতেন তিনি। তবু শারীরিক সীমাবদ্ধতা তাকে ভ্রমণ, খেলাধুলা কিংবা নতুন অভিজ্ঞতা অর্জনের আগ্রহ থেকে দূরে রাখতে পারেনি। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার সময়ই মানুষের দুঃখ-কষ্ট এবং লাতিন আমেরিকার সামাজিক বৈষম্য সম্পর্কে তার আগ্রহ বাড়তে থাকে।
১৯৫১ সালে বন্ধু আলবার্তো গ্রানাদোর সঙ্গে মোটরসাইকেলে দক্ষিণ আমেরিকা ভ্রমণে বের হন তিনি। তাদের বাহনটির নাম ছিল ‘লা পোদেরোসা টু’। দীর্ঘ এই যাত্রায় তারা বিভিন্ন অঞ্চলের শ্রমজীবী মানুষ, খনি শ্রমিক, দরিদ্র জনগোষ্ঠী ও অসুস্থ মানুষের জীবন কাছ থেকে দেখেন। সমাজের সম্পদ ও সুযোগের অসম বণ্টন, দারিদ্র্য এবং শোষণের অভিজ্ঞতা তরুণ গুয়েভারার চিন্তাজগতে গভীর প্রভাব ফেলে।
সেই ভ্রমণের অভিজ্ঞতা পরে তার লেখা ভ্রমণকাহিনি ‘দ্য মোটরসাইকেল ডায়েরিজ’ উঠে আসে। ‘চে’ অবশ্য একদিনে বিপ্লবী হয়ে ওঠেননি। লাতিন আমেরিকার বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় তাকে বিপ্লবী করে তুলেছিল।
পরবর্তী সময়ে গুয়েভারা মার্ক্সবাদী চিন্তাধারার দিকে আরও দৃঢ়ভাবে ঝুঁকে পড়েন। ১৯৫৪ সালে গুয়াতেমালায় নির্বাচিত প্রেসিডেন্ট হাকোবো আরবেন্সের সরকার উৎখাতের ঘটনা তার রাজনৈতিক বিশ্বাসকে আরও প্রভাবিত করে। এরপর মেক্সিকোতে তার পরিচয় হয় কিউবান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে। সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯৫৬ সালে ফিদেল কাস্ত্রো ও তার সহযোগীদের সঙ্গে কিউবায় প্রবেশ করেন চে গুয়েভারা। সেখানে তাদের লক্ষ্য ছিল তৎকালীন শাসক ফুলহেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করা। যদিও বিপ্লবীদের সেই অভিযান শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে এবং পরে তারা সিয়েরা মায়েস্ত্রা পর্বতমালায় নিজেদের আবার সংগঠিত করেন।
১৯৫৮ সালের শেষ দিকে সান্তা ক্লারার যুদ্ধে তার নেতৃত্বে বিপ্লবীরা সাফল্য অর্জন করেন। এই বিজয়কে বাতিস্তা সরকারের পতনের প্রাথমিক সূচনা হিসেবে ধরা হয়। ১৯৫৯ সালের জানুয়ারিতে বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে গেলে কিউবার বিপ্লবীরা ক্ষমতা গ্রহণের পথে এগিয়ে যায়।
কিউবার বিপ্লবের পর চে গুয়েভারা শুধু সামরিক নেতা হিসেবেই সীমাবদ্ধ থাকেননি। নতুন রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণেও যুক্ত হন। জাতীয় ব্যাংকের প্রধান এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শিল্পায়ন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে তার অবস্থান ছিল স্পষ্ট।
তবে নতুন কিউবার অর্থনৈতিক নীতি, উৎপাদনব্যবস্থার সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক রাজনীতিতে দেশটির অবস্থান নিয়ে মতপার্থক্য তৈরি হয়। বিপ্লবী আদর্শ বাস্তবায়নের প্রশ্নে তার কঠোর অবস্থানও বিতর্কের জন্ম দেয়।
বিপ্লব-পরবর্তী কিউবায় রাজনৈতিক বন্দিদের বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তার সমর্থকেরা এসব পদক্ষেপকে পুরোনো শাসনের অপরাধের বিচার হিসেবে দেখলেও সমালোচকেরা বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
কিউবার পর চে গুয়েভারার লক্ষ্য ছিল বিপ্লবকে একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রাখা। তিনি মনে করতেন লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বৃহত্তর পরিবর্তন আনা সম্ভব।
১৯৬৫ সালে তিনি কিউবার সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং আন্তর্জাতিক বিপ্লবী কর্মকাণ্ডে মনোযোগ দেন। প্রথমে কঙ্গোতে গিয়ে সরকারবিরোধী যোদ্ধাদের সহায়তার চেষ্টা করেন। তবে স্থানীয় রাজনৈতিক বিভাজন, সংগঠনগত দুর্বলতা এবং সামরিক সমস্যার কারণে সেই অভিযান সফল হয়নি।
এরপর তার দৃষ্টি পড়ে বলিভিয়ার দিকে। ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের সুবিধা কাজে লাগিয়ে সেখান থেকে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশে বিপ্লব ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার।
১৯৬৬ সালের শেষ দিকে গোপনে বলিভিয়ায় প্রবেশ করেন চে। সেখানে গেরিলা বাহিনী গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তার পরিকল্পনার সঙ্গে স্থানীয় জনগণের প্রত্যাশা ও বাস্তবতার যথেষ্ট দূরত্ব ছিল। প্রত্যন্ত অঞ্চলে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকট, যোগাযোগের দুর্বলতা এবং স্থানীয় কৃষকদের কাছ থেকে সমর্থন না পাওয়া তার বাহিনী ক্রমশ দুর্বল হয়ে যায়।
অন্যদিকে বলিভিয়ার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে গেরিলাদের বিরুদ্ধে অভিযান জোরদার করে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএও ‘চে’র অবস্থান শনাক্ত ও তার অভিযান ব্যর্থ করতে ভূমিকা রাখে। একসময় বিচ্ছিন্ন হয়ে পড়া গেরিলা দলটির পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে।
১৯৬৭ সালের ৮ অক্টোবর লা হিগুয়েরা গ্রামের কাছে মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত বলিভিয়ার সেনাবাহিনী তাকে ঘিরে ফেলে। রক্তক্ষয়ী যুদ্ধে পায়ে গুলি লাগার পর এবং হাতের রাইফেলটি অকেজো হয়ে যাওয়ার পর তিনি বন্দী হন। সেনাদল যখন তাকে ঘিরে ধরে, তখন তিনি চিৎকার করে বলেছিলেন, গুলি করো না! আমি চে গুয়েভারা, আমার জীবিত থাকার মূল্য তোমাদের কাছে মৃত্যুর চেয়ে অনেক বেশি। বন্দী করার পর তাকে লা হিগুয়েরার একটি এক কক্ষের স্কুলঘরে রাতভর আটকে রাখা হয়। পরের দিন সিআইএ প্রতিনিধি ফেলিক্স রদ্রিগেজ সেখানে উপস্থিত হন। বলিভিয়ার সামরিক প্রধানরা আশঙ্কা করেছিলেন যে তাকে প্রকাশ্যে বিচারে সোপর্দ করলে তিনি একটি বিপ্লবী প্রতীকে পরিণত হবেন, তাই তারা বিচার ছাড়াই তাকে হত্যার সিদ্ধান্ত নেন এবং এটিকে যুদ্ধক্ষেত্রের মৃত্যু হিসেবে দেখানোর কৌশল গ্রহণ করেন।
ফেলিক্স রদ্রিগেজ যখন চে’কে জানান যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে যাচ্ছে, তখন চে তা শান্তভাবে গ্রহণ করে বলেছিলেন, এটাই ভালো। আমার কখনো জীবিত অবস্থায় ধরা পড়া উচিত হয়নি। এরপর সার্জেন্ট হেইমে তেরানকে গুলি করার নির্দেশ দেওয়া হয় যাতে এটি সম্মুখযুদ্ধের ক্ষত বলে মনে হয়। ঘাতক যখন অস্ত্র উঁচিয়ে ধরে, তখন চে শেষবারের মতো গর্জে উঠে বলেছিলেন, আমি জানি তুমি আমাকে মারতে এসেছ। গুলি চালাও, তুমি তো কেবল একজন মানুষকেই হত্যা করতে যাচ্ছ। বাহু, পা ও বুকে একাধিক গুলি লাগার পর ৩৯ বছর বয়সে এই মহান বিপ্লবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চে গুয়েভারার মৃত্যুর পর তার মরদেহ বলিভিয়ার ভাল্লেগ্রান্দে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের একটি স্থানে মরদেহটি সাংবাদিক ও আলোকচিত্রীদের সামনে প্রদর্শন করা হয়। এই দৃশ্যের ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি মরদেহের ছবি নিয়ে রাজনৈতিক প্রচারও চালানো হয়েছিল।
পরিচয় নিশ্চিত করা এবং ভবিষ্যতে শনাক্তকরণের কাজে ব্যবহারের জন্য তার হাত কেটে সংরক্ষণ করা হয়েছিল বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। পরে তার মরদেহ গোপনে সমাহিত করা হয়।
১৯৯৭ সালে কিউবান ও আর্জেন্টাইন বিশেষজ্ঞদের একটি দল বলিভিয়ার ভাল্লেগ্রান্দে একটি গোপন গণকবর থেকে কয়েকজন গেরিলা যোদ্ধার দেহাবশেষ উদ্ধার করে। শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে চে গুয়েভারার দেহাবশেষও চিহ্নিত করা হয়। এরপর সেগুলো কিউবায় ফিরিয়ে নেওয়া হয়।
কিউবায় তার দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়। পরে সান্তা ক্লারায় নির্মিত চে গুয়েভারা সমাধিসৌধে তাকে সমাহিত করা হয়।
চে গুয়েভারাকে নির্দিষ্ট কোনো পরিচয়ে সীমাবদ্ধ করা কঠিন। অনেকের কাছে তিনি সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। লাতিন আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া—বিভিন্ন অঞ্চলের ছাত্র আন্দোলন, শ্রমিক সংগঠন ও বামপন্থী রাজনৈতিক গোষ্ঠী তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়েছে।
অন্যদিকে তার বিপ্লবী কর্মকাণ্ডের সহিংসতা, রাজনৈতিক বিরোধীদের প্রতি কঠোরতা, মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান এবং গেরিলা যুদ্ধের কৌশল নিয়ে সমালোচনা রয়েছে।
এই বাস্তবতাই চে গুয়েভারাকে ইতিহাসের একটি জটিল চরিত্রে পরিণত করেছে। তিনি একই সঙ্গে বিপ্লবের অনুপ্রেরণা, রাজনৈতিক বিতর্কের কেন্দ্র এবং বিশ্বজনীন জনপ্রিয় সংস্কৃতির অংশ।
চে গুয়েভারার মৃত্যু তার গেরিলা যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছিল, কিন্তু তার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে বিতর্কের অবসান ঘটায়নি। বরং সেই বিতর্কই বারবার নতুন প্রজন্মকে একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়: সমাজ পরিবর্তনের স্বপ্ন পূরণে বিপ্লবের ভূমিকা কোথায় শেষ হয়, আর সহিংসতার মূল্য কোথা থেকে শুরু হয়?