আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সব বৈধতা হারিয়েছে। দলটি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বিগত ১৫-১৬ বছরের শাসনকাল, সাম্প্রতিক বিশৃঙ্খলা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই। তাদের রাজনীতি হচ্ছে সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতন। অতীতের এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা তাদের পুরোনো অভ্যাস।
তবে সরকার আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হবে না। নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশ্বাসী। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ও প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে।
থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।