কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্ট এবং সংলগ্ন সড়ক-ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরাতে সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। আগামী ২২ নভেম্বরের মধ্যে এসব স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় উচ্ছেদ অভিযান চালানো হবে। একই সঙ্গে সুগন্ধা তথ্যকেন্দ্র ও কলাতলী ডলফিন মোড় এলাকায় ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশা পার্কিং এবং যাত্রী ওঠানামা নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে যানবাহনের ব্যাটারি জব্দ ও বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সংশ্লিষ্টদের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে মাইকিং ও প্রচারণা চালানোর জন্য জেলা তথ্য অফিসারকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পরিবেশদূষণ রোধে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি।
কিন্তু সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ আশপাশের সড়ক ও ফুটপাত দখল করে কিছু ভাসমান হকার অবৈধভাবে দোকানপাট বসিয়েছেন। এতে পর্যটক ও সাধারণ পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বাড়ছে যানজট, বিঘ্নিত হচ্ছে সৈকত এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য। এসব অবৈধ কার্যক্রমের কারণে সামাজিক বিশৃঙ্খলাও বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সুগন্ধা তথ্যকেন্দ্র ও কলাতলী ডলফিন মোড়সংলগ্ন সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশা পার্কিংয়ের কারণে যানজট তৈরি হচ্ছে। এতে পর্যটকবাহী যানবাহনের পাশাপাশি দূরপাল্লার বাস চলাচলেও বিঘ্ন ঘটছে।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হকারদের নিজ দায়িত্বে সব অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পরও স্থাপনা সরানো না হলে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। একই সঙ্গে নিষিদ্ধ এলাকায় টমটম ও অটোরিকশা পার্কিং কিংবা যাত্রী ওঠানামা করালে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট যানবাহনের ব্যাটারি জব্দ ও বাজেয়াপ্তসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনা বাস্তবায়নে আগামী ২২ নভেম্বরের মধ্যে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট এবং আশপাশের এলাকায় ব্যাপক মাইকিং ও প্রচারণা চালানোর জন্য জেলা তথ্য অফিসারকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রচারণার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজও জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের পর্যটন সেলে জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির অনুলিপি কক্সবাজারের পুলিশ সুপার, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিচ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।